দিনভর ব্যাপক গরম থাকলেও, বিকেলের পর স্বস্তি মিলতে পারে একাধিক জেলায়।

দক্ষিণবঙ্গে ব্যাপক গরম মানুষ রীতিমত নাজেহাল। তাপমাত্রা ৩৫ থেকে প্রায় ৪০ ডিগ্রিতে পৌঁছাতে চলেছে। তবে রবিবার স্বস্তির বার্তা রয়েছে। দিনভর ব্যাপক গরম থাকলেও, বিকেলের পর স্বস্তি মিলতে পারে একাধিক জেলায়। বেশ কয়েকটি জেলায় এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে আকাশে মেঘের দাপট দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি। এদিন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় এক-দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করে IMD-র তরফে জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায় দিনের বেলা এক-দুই জায়গায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ফলে নাকাল হতে হবে আমজনতাকে।

আবার রবিবার উত্তরবঙ্গে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় এক-দুই জায়গায় বজ্রপাত ও ঝড়ের সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *