কলকাতায় ভোটের আগে অস্ত্র-টাকা উদ্ধার, তৎপর প্রশাসন

ভোটের আগে কলকাতা ভরে উঠছে অবৈধ অস্ত্রে নির্বাচন কমিশন চেষ্টা করছে এবার সম্পূর্ণ নির্ঝঞ্ঝাট ভোট করাতে। কিন্তু পরিস্থিতি যেমন তাতে কতটা যে তা সম্ভব, বলা মুশকিল।

কলকাতায় উঠেপরে লেগেছে এসটিএফ। ভোটের মুখে শহরে সন্ত্রাসের ছক বানচাল। কলকাতা পুলিশের এসটিএফের জালে বিহারের অস্ত্র পাচারকারী। রাজাবাজার থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি আগ্নেয়াস্ত্র। ৬টি ওয়ান শাটার বন্দুক ও ১৪টি ৮ এমএম কার্তুজ উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

ভোটের আগে কারা অস্ত্র মজুত করছে শহরে? বিহারের ওই ব্যক্তিকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করছেন এসটিএফের আধিকারিকরা। এদিন দক্ষিণ কলকাতার বালিগঞ্জে নাকা তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছে। আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ ও গুরুসদয় দত্ত রোডের মোড়ে একটি গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। আটক করে তল্লাশি চালাতেই প্রায় ২৫ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে গাড়ির ভিতর থেকে।

সম্প্রতি কলকাতা ও হাওড়ায় পরপর দুটি বড় অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে। দিকে দিকে অর্থ পাচারের নেপথ্যে বড় কোনও মাথা কাজ করছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।ভোটের আবহে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি। নির্বাচন কমিশনের নির্দেশে শহরের বিভিন্ন প্রান্তেও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে। ভোটের মুখে অস্ত্র-নগদ পাচার রুখতে তৎপর প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *