কেশপুর, পশ্চিম মেদিনীপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেশপুরে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। মঙ্গলবার তাঁর দিনভর জনসংযোগ কর্মসূচি ছিল নজরকাড়া—একদিকে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ছবি, অন্যদিকে দীর্ঘ রুট জুড়ে ধারাবাহিক প্রচার।
দিনের শুরুতেই কেশপুর ব্লকের ১৪ নম্বর অঞ্চলের রাউতা গ্রামীণ হাটে একেবারে সাধারণ মানুষের মতো বাজার করতে দেখা যায় তাঁকে। হাটে ঘুরে বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং ইচড়, লাউডাটা শাক ও করলা কেনেন। প্রার্থীর এই সহজ উপস্থিতি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। এরপর মাজুরিয়া থেকে ইন্দ্র বাজার হয়ে ঝেঁতলা বাজার পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রচার চালান তিনি।
ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কার্যত দাপিয়ে প্রচার করে বেড়ালেন লড়াকু নেত্রী শিউলি সাহা। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলা, তাঁদের সমস্যা শোনা—সব মিলিয়ে জনসংযোগে ছিল বাড়তি জোর। বিকেলেও থেমে থাকেননি, ঝেঁতলা বাজার থেকে রাউতা পর্যন্ত আবারও প্রচার কর্মসূচি চালানো হয়।
কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি এই প্রচারকে আরও জোরদার করে তোলে। অন্যদিকে, পুরো এলাকা জুড়ে বিরোধী দলগুলির উপস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই কম বলে মনে হয়েছে।
বিভিন্ন জায়গায় তাদের পতাকা বা প্রচার সামগ্রী তেমনভাবে চোখে পড়েনি, এমনকি বড়সড় প্রচার কর্মসূচির ছবিও এখনও পর্যন্ত স্পষ্ট নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট যত এগোবে, প্রচারের চিত্র বদলাতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে কেশপুরে প্রচারের ময়দানে তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে—এমনটাই মত রাজনৈতীক মহলের।
